ভোলা জেলা সংবাদদাতা | যোগফল অনলাইন
ভোলার তজুমদ্দিনে গবাদিপশু চুরির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোহাম্মদ তুহিন দেওয়ানকে দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে ধাওয়া এবং তার পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ১৩ নভেম্বর ২০২৬ তারিখে ভোলা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন সাংবাদিক তুহিন দেওয়ান।
লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, তজুমদ্দিন উপজেলার বিভিন্ন চরাঞ্চলে দীর্ঘদিন ধরে গবাদিপশু চুরির ঘটনা ঘটে আসছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলার ২ নম্বর সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু কালাম হোসেনের ছেলে মো. বাবুর বিরুদ্ধে গবাদিপশু চুরির অভিযোগ নিয়ে অনুসন্ধান করতে যান গণমাধ্যমকর্মীরা।
এ সময় অভিযুক্তের বাড়িতে একটি লাল রঙের চোরাই গরু দেখতে পাওয়ার দাবি করেন তারা। সংবাদ সংগ্রহের সময় অভিযুক্তের স্ত্রীসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হন এবং প্রাণনাশের হুমকি দেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
তুহিন দেওয়ানের অভিযোগ, এ বিষয়ে তজুমদ্দিন থানাকে অবহিত করা হলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো কার্যকর আইনগত ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর অভিযুক্ত ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করেন। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও আবেদনে দাবি করেছেন।
এ ছাড়া থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা গ্রহণে গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন তিনি।
আবেদনে প্রধান অভিযুক্ত মো. বাবু ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার, মামলা গ্রহণ এবং নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক তুহিন দেওয়ান।
এ বিষয়ে সংশ্লিষ্ট অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।