হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে এ অভিযোগ করেন তিনি।
মাহদী হাসানের দাবি, রাতে পরিবারের সদস্যদের নিয়ে তারা ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ তাদের ঘরের টিনের চালে ঢিলের মতো দুটি বস্তু এসে পড়ে। এরপর সেখানে আগুন জ্বলে ওঠে। তার ধারণা, পেট্রোলবোমা জাতীয় কোনো বস্তু তাদের ঘরের চালে নিক্ষেপ করা হয়েছে।
তবে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ নাকচ করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।
রাত ২টার দিকে কালবেলাকে তিনি বলেন, এটি মাহদী হাসানের নাটক। তার ফেসবুক লাইভ দেখে ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, মাহদী হাসানের বাসা থেকে ২০ থেকে ৩০ গজ দূরে তার চাচা আনোয়ারের বাসায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তার চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে।
মূলত চাচার বাসায় আগুন দেখে মাহদী হাসান নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে আসেন এবং তার বাসায় পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন।
ওসি জানিয়েছেন, এ ঘটনায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগের পক্ষে কোনো আলামত পাওয়া যায়নি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম