পটুয়াখালীর পাঁচ উপজেলার মেয়াদোত্তীর্ণ ১৯টি ইউনিয়ন পরিষদে নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা। সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রশাসকদের নাম ও দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১৮ ধারার উপধারা (১) অনুযায়ী এসব প্রশাসক নিয়োগের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে দশমিনা উপজেলার দুটি, গলাচিপার চারটি, দুমকির তিনটি, বাউফলের আটটি এবং কলাপাড়ার দুটি ইউনিয়ন পরিষদ রয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে সর্বোচ্চ এক মেয়াদে ১২০ দিন দায়িত্ব পালন করতে পারবেন। এর বেশি সময় দায়িত্ব পালনের সুযোগ নেই।
প্রশাসকরা দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন। এর মাধ্যমে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা এবং স্থানীয় পর্যায়ে সরকারি সেবা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম