আনতালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) এ প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্থাপিত পাঁচ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন ও স্বাগত জানিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বাংলাদেশের জন্য প্রতিশ্রুত ৩০ মিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু তহবিল দুর্নীতিমুক্তভাবে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানোর দাবি জানিয়েছে দলটি।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে আনতালিয়ায় কপ-৩১ ভেন্যুর বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
তহবিলের স্বচ্ছতা ও নিয়মিত ব্যয়ের প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়ে তিনি অভিযোগ করেন, অতীতে জলবায়ু তহবিলের আওতায় আসা আন্তর্জাতিক অর্থ ব্যয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। আগামীতে বরাদ্দ হতে যাওয়া ৩০ মিলিয়ন মার্কিন ডলার যেন জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করতে অর্থ ব্যয়ের নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন।
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের দায় তুলনামূলকভাবে কম হলেও এর নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়ছে এ দেশের ওপর উল্লেখ করে মাহবুবুল আলম সালেহী বলেন, আগের জলবায়ু সম্মেলনগুলো থেকে বাংলাদেশ প্রতিশ্রুত তহবিলের ৯ শতাংশেরও কম পেয়েছে। এর বেশিরভাগই এসেছে ঋণ হিসেবে। ভবিষ্যতে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক তহবিল সংগ্রহে সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
পরিবেশ রক্ষায় জামায়াতে ইসলামীর ‘থ্রি-জিরো ভিশন’ তুলে ধরে তিনি জানান, জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট এবং জিরো এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন—এই তিন লক্ষ্য নিয়ে সম্মেলনের বিভিন্ন সাইড ইভেন্টে দলটির পক্ষ থেকে রূপকল্প উপস্থাপন করা হয়েছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে রাজনৈতিক, ধর্মীয় বা আঞ্চলিক ইস্যু হিসেবে না দেখে প্রত্যাশিত তহবিল আদায়ে সব পক্ষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ প্যাভিলিয়নে অসহযোগিতার অভিযোগ
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী অভিযোগ করেন, শনিবার দুপুর দেড়টায় বাংলাদেশ প্যাভিলিয়নের ভেতরে সংবাদ সম্মেলন করার পূর্বনির্ধারিত সূচি থাকলেও পরিবেশ মন্ত্রণালয়ের নিয়োজিত প্যাভিলিয়ন কর্তৃপক্ষ অসহযোগিতা করেছে।
তিনি বলেন, প্যাভিলিয়নের ভেতরে সংবাদ সম্মেলনের বিষয়ে পরিবেশ প্রতিমন্ত্রী ও প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবের সঙ্গে আগেই কথা বলে নিশ্চিত করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তারা সহযোগিতা করেননি।
মাহবুবুল আলম সালেহী আরও বলেন, জামায়াতে ইসলামী সরকারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে সম্মেলনে অংশ নিয়েছে। তবে সরকারের প্রতিনিধিদের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে কপ-৩১ জামায়াত প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসানসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম