ডিসেম্বরে আওয়ামী লীগের চূড়ান্ত পতন ঘটিয়ে আগামী জানুয়ারিতে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ আস্ফালন শুরু করেছে। দিল্লিতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশবিরোধী ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, আগামী ২ জানুয়ারি জাগপার জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে সম্মেলনের আগে আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিতে হবে। বিভিন্ন দলের মধ্যে মত ও পথের পার্থক্য থাকলেও আওয়ামী লীগের বিষয়ে সব দল একমত বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে আওয়ামী লীগ ও ভারতীয় ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মুজিবুর রহমান প্রমুখ।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম