সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। পরবর্তী সময়ে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
শনিবার রাজধানীর কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুকরণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় তিনি এ তথ্য জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে টার্মিনালের কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টায় টার্মিনালটি চালুর পর্যায়ে পৌঁছেছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব সম্পন্ন করতে হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটি আংশিকভাবে চালু করা হবে।
বেবিচক সূত্র জানায়, প্রাথমিকভাবে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইটসহ মোট চারটি ফ্লাইট দিয়ে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। একই সঙ্গে টার্মিনালের বাকি কাজও চলবে। আগামী মার্চে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
বেবিচক জানায়, সভায় তৃতীয় টার্মিনাল চালুর জন্য প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথে কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা এবং চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।
সভায় আরও উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিবসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক এবং জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম