প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বাম পা হারানোর পর দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় নানা সীমাবদ্ধতার মুখে থাকা এই নেতার জন্য কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব (কৃত্রিম পা) তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
বাম পা হারানোর কারণে দৈনন্দিন চলাফেরা ও স্বাভাবিক কাজকর্মে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হতো আব্দুর রহিমকে। তার চলাফেরার সক্ষমতা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক জীবনযাপনের পথ সহজ করতেই কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়েছে।
কৃত্রিম পা ব্যবহারের ফলে আব্দুর রহিমের চলাফেরার সীমাবদ্ধতা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দৈনন্দিন কাজে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম