ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মধুগ্রাম সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধীন মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়। মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। এ সময় ওই ব্যক্তি হাতে থাকা ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রস্তুত রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের সার্বিক নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় ফেনী ব্যাটালিয়ন পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম