চট্টগ্রাম নগরের ব্যস্ততম কাজীর দেউড়ি মোড়। প্রতিদিনের মতোই সড়কে যানবাহনের চাপ ও পথচারীদের ব্যস্ত চলাচল। এরই মধ্যে হঠাৎ একটি ডিজিটাল বিলবোর্ডে ভেসে ওঠে ব্যতিক্রমী ভালোবাসার বার্তা—‘I Love You Sanzida. Tazim Loves You!’ সঙ্গে ছিল লাল রঙের ভালোবাসার প্রতীক। মুহূর্তেই পথচারীদের নজর কাড়ে এই আয়োজন।
সাধারণত বাণিজ্যিক প্রতিষ্ঠানের পণ্য ও সেবার প্রচারণায় ব্যবহৃত বিলবোর্ডে এবার দেখা গেল ব্যক্তিগত ভালোবাসার প্রকাশ। প্রেমিকার উদ্দেশে প্রকাশ্যে ভালোবাসার কথা জানাতে ডিজিটাল বিলবোর্ডকে বেছে নিয়েছেন তাজিম নামের এক ব্যক্তি।
তবে কে এই সানজিদা, আর কে তাজিম—তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। বিলবোর্ডে ভালোবাসার বার্তা প্রচার হলেও তাদের পরিচয় কিংবা সম্পর্কের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এমনকি এই ব্যতিক্রমী আয়োজনের পেছনের গল্পও অজানা।
ব্যস্ত সড়কের বিলবোর্ডে এমন প্রেম নিবেদন দেখে পথচারীদের মধ্যে বিস্ময় ও কৌতূহল তৈরি হয়। কেউ দাঁড়িয়ে বার্তাটি দেখেছেন, আবার কেউ মুঠোফোনে ধারণ করেছেন পুরো দৃশ্য। পরে বিলবোর্ডের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও।
ফুল, চিঠি কিংবা উপহারের প্রচলিত আয়োজনের বাইরে গিয়ে ডিজিটাল বিলবোর্ডে ভালোবাসার এমন প্রকাশ নগরজুড়ে তৈরি করেছে ভিন্নরকম আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা।
তবে তাজিমের প্রকাশ্য ভালোবাসার বার্তার জবাবে সানজিদা কী বলবেন, এখন সেই অপেক্ষাতেই কৌতূহলী অনেকে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম