নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে পৃথক দুটি অভিযানে ৪৩ জন মাদকসেবী ও এক পেশাদার ইয়াবা কারবারিসহ মোট ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই মাদক কারবারির কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার ফতুল্লা ও রূপগঞ্জ থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
পুলিশ জানায়, ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসাইনের নেতৃত্বে ফতুল্লা থানা পুলিশের একটি দল কাশিপুর, দেওভোগ ও ফতুল্লা রেলস্টেশনসহ চিহ্নিত বিভিন্ন মাদক স্পটে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ মোট ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই দিন বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-খ) রূপগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম ও সুজন তালুকদারের নেতৃত্বে বিকেল ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত মুড়াপাড়া এলাকার দড়িকান্দি গাজী সেতু সংলগ্ন ইসমাইলের হোটেলের সামনের সড়কে এ অভিযান চালানো হয়।
অভিযানে মোহাম্মদ ইসমাইল হোসেন (৩৪) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম ওজনের এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তার ইসমাইল রূপগঞ্জের দড়িকান্দি এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার (১৬ নভেম্বর) আদালতে সোপর্দ করা হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম