যোগফল প্রতিবেদক:
বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সরের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে সংসদ ভবনে অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় পৃথক সাব-মিটার স্থাপন ও চালু করতে গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলডি হলে পৃথক সাব-মিটার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় গণপূর্ত অধিদপ্তরের পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ফিলিং স্টেশনের ব্যবহার ও পরিচালনা সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে পার্লামেন্ট মেম্বার ক্লাবের সংশ্লিষ্ট ইজারাদাতা ও ইজারাগ্রহীতার মধ্যে সম্পাদিত চুক্তিনামা পুনর্বিবেচনার বিষয়ে কমিটির পক্ষ থেকে আপত্তি জানানো হয়। একই সঙ্গে চুক্তিনামাসহ পুরো বিষয়টি অবিলম্বে জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ডিপিডিসির মাধ্যমে সোলার পাওয়ার সিস্টেম চালুর লক্ষ্যে প্রণীত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ও কারিগরি সমীক্ষা সন্তোষজনক মনে না হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় জরিপ সম্পন্ন করে প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়। প্রস্তুত করা প্রতিবেদন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কমিটির সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় কমিটির সদস্য ও সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম এবং মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম