চট্টগ্রামের পতেঙ্গায় ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রহিম উল্লাহ (৬৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে মো. রামিনের (২১) বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক থাকা রামিনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর থানার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি সূত্রে জানা গেছে, নিহত রহিম উল্লাহর গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার মাইজপাড়া এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে চট্টগ্রামের পতেঙ্গা থানার বিজয়নগর এলাকায় বসবাস করতেন। বিজয়নগরের ১৪ নম্বর ঘাট এলাকায় আক্কাসের মার্কেটের সামনে ভ্যানগাড়িতে কাপড় ও বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
অভিযোগ রয়েছে, রহিম উল্লাহর কাছ থেকে মালামাল নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করতেন ছেলে রামিন। তবে বিক্রির টাকা যথাসময়ে বাবার হাতে তুলে না দিয়ে নিজের ইচ্ছামতো খরচ করতেন তিনি। এ নিয়ে দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলছিল।
এরই জেরে গত ১০ নভেম্বর রাতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। রাত ৮টার দিকে ব্যবসার টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রামিন তার বাবাকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে বিষয়টি মীমাংসা করে দেন। তবে অভিযোগ রয়েছে, ওই সময় বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান রামিন।
এর প্রায় তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে একই এলাকার ১৪ নম্বর ঘাটে আক্কাসের মার্কেটের সামনে আবারও তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রামিন তার বাবার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মারেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন রহিম উল্লাহ।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১১ নভেম্বর পতেঙ্গা মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় ছেলে রামিনকে প্রধান আসামি করা হয়েছে।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত রামিনকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও তদন্ত শুরু হয়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে কক্সবাজারের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম