ভারত থেকে দেশে ফেরার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে কাজী আজহারুল ইসলাম মানিক (৪০) নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যশোরের কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে ভোমরা চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে যশোরের কেশবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কাজী আজহারুল ইসলাম মানিকের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজার এলাকায়। তার বাবার নাম কাজী রফিকুল ইসলাম। গত ৮ নভেম্বর চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছিলেন। সোমবার দেশে ফেরার সময় ভোমরা চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম