দুনিয়ার জীবন নয়, আখিরাতকেই প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনায় রেখে জীবন পরিচালনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সংগঠনের সব কর্মকাণ্ডেও এই আদর্শের প্রতিফলন ঘটাতে হবে। একই সঙ্গে দায়িত্বশীলদের নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। সকাল ১০টায় শুরু হওয়া এ বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকটি সঞ্চালনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। শুরুতে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন জামায়াত আমির। একই সঙ্গে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জাতি বর্তমানে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। একইভাবে জামায়াতে ইসলামীও বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে কাজ অব্যাহত রাখতে হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম