নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিল, সড়ক অবরোধ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ মামলায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) খালিয়াজুরি থানায় মামলাটি করেন উপজেলার খালিয়াজুরি গ্রামের বাসিন্দা মুসলিম মিয়া। মামলায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আওয়ামী লীগ কর্মী সবিনয় তালুকদার ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী তানিম সরকার।
এজাহারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অজিত বরণ সরকার এবং সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমানসহ দলটির জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে মশাল মিছিলের প্ররোচনা, ষড়যন্ত্র ও সহায়তার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ ও ৯ নভেম্বর রাতে খালিয়াজুরি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর বাজার ও মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুরসহ বিভিন্ন এলাকায় পাকা সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় বর্তমান সরকারের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আপত্তিকর স্লোগান, নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং যানবাহন ভাঙচুরের চেষ্টার অভিযোগ করা হয়েছে।
মামলার বাদী মুসলিম মিয়া এজাহারে নিজেকে কৃষক হিসেবে পরিচয় দিলেও পরে তিনি জানান, দলীয় জ্যেষ্ঠ নেতাদের নির্দেশে মামলা করেছেন। এ সময় তিনি নিজেকে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলেও দাবি করেন।
খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, সন্ত্রাসবিরোধী আইনে মামলা নথিভুক্ত হওয়ার পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি অধিকতর তদন্ত করে অন্য আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে প্রায় একই ধরনের অভিযোগে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে গত ১১ নভেম্বর মোহনগঞ্জ থানায় আরেকটি মামলা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে সংগ্রাম।
উল্লেখ্য, গত ৮ ও ৯ নভেম্বর রাতে ওই সংসদীয় আসনের বিভিন্ন স্থানে মশাল মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এর প্রতিবাদে বিক্ষোভ করেন। এর জেরে গত ১০ নভেম্বর মোহনগঞ্জে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম