সিলেটের গোয়াইনঘাট থানার প্রধান ফটকে বিক্ষোভ, স্লোগান ও ভাঙচুরের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট বিরোধের জেরে বিএনপি ও অঙ্গসংগঠনের নাম ব্যবহার করে একদল লোক থানার সামনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় গোয়াইনঘাট থানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় একদল লোক মিছিল নিয়ে থানার প্রধান ফটকের সামনে জড়ো হন। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে থানার প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও থানার সামনে কয়েকজনকে উত্তেজনাকর পরিস্থিতিতে দেখা গেছে।
অভিযোগ রয়েছে, ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থে বাধার মুখে পড়ে রাজনৈতিক সংগঠনের পরিচয় ব্যবহার করে থানার সামনে এ কর্মসূচি পালন করা হয়েছে। বিশেষ করে বালুমহাল, পাথর উত্তোলন এবং বিভিন্ন অনৈতিক সুবিধা আদায়ে বাধা পাওয়াকে কেন্দ্র করে একটি পক্ষ এমন পরিস্থিতি তৈরি করেছে বলে দাবি স্থানীয়দের।
থানার সামনে এ কর্মসূচির বিষয়ে উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ করা হয়নি বলেও অভিযোগ উঠেছে। স্থানীয় রাজনৈতিক নেতাদের একটি অংশের মতে, কয়েকজনের ব্যক্তিগত ক্ষোভকে কেন্দ্র করে দলীয় পরিচয় ব্যবহার করে এ পরিস্থিতি তৈরি করা হয়েছে।
স্থানীয় একটি পক্ষের দাবি, সম্প্রতি রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে শিক্ষা সফরের নামে আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অভিযোগ রয়েছে, ওই অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের উপস্থিতি ও সভা আয়োজনের বিষয়টি নিয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ভূমিকা নিয়ে কয়েকজন অসন্তোষ প্রকাশ করেন। এর জেরেই থানার সামনে বিক্ষোভ ও উত্তেজনা ছড়ানো হয়।
তবে স্থানীয় আরেকটি পক্ষের দাবি, ঘটনার পেছনে রয়েছে লেংগুড়া ইউনিয়নের বালুমহালকেন্দ্রিক স্বার্থের দ্বন্দ্ব। অবৈধ বালু উত্তোলনে বাধা, ব্যক্তিগত তদবির এবং অনৈতিক সুযোগ-সুবিধা না পাওয়াকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভ থেকেই গোয়াইনঘাট উপজেলা বিএনপির এক সদস্য, উপজেলা শ্রমিক দলের এক নেতা এবং সিলেট জেলা ছাত্রদলের এক নেতার নেতৃত্বে অর্ধশতাধিক ব্যক্তি থানার সামনে অবস্থান নিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেন। এ ঘটনায় পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের এক নেতার নামও আলোচনায় এসেছে।
পুলিশ সূত্রে জানা যায়, জাফলং এলাকায় পাথর লুটপাটের ঘটনায় খনিজ সম্পদ নিয়ন্ত্রণ আইনে করা একাধিক মামলায় পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তার ভাইকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কিছুদিন আগে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, গোয়াইনঘাট উপজেলা বিএনপির এক সদস্যের বিরুদ্ধে বালুমহালে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম কালবেলাকে বলেন, ‘প্রশাসন কিংবা স্থানীয় দায়িত্বশীল কাউকে না জানিয়ে কিছু লোক ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে হঠাৎ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে, যা অত্যন্ত দুঃখজনক। বিএনপি সবসময় শান্তিপূর্ণ সহাবস্থান ও আইনের শাসনে বিশ্বাসী। থানা বা নিরাপদ স্থানে এ ধরনের উত্তেজনা ও ভাঙচুরের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। আমরা কোনো সংঘাত বা বিশৃঙ্খলা চাই না। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল কালবেলাকে বলেন, ‘একদল লোক থানার সামনে এসে স্লোগান দিয়েছে এবং মব সৃষ্টির চেষ্টা করেছে। তারা এসব ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। তবে কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যায়। মূলত অবৈধ সুবিধা না পাওয়া এবং ব্যক্তিগত আক্রোশের জেরেই এমন কর্মকাণ্ড ঘটানো হয়েছে।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম