মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার বড় চালান নিয়ে মোটরসাইকেলে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিলেন ২১ বছর বয়সী মোহাম্মদ নোমান। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই কক্সবাজারের পেকুয়ায় পুলিশের বিশেষ চেকপোস্টে ধরা পড়েছেন তিনি। এ সময় তার কাছ থেকে ৭ হাজার ৬৮৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াখালী গ্রামের পেকুয়া-বাঁশখালী সড়কের উঁচু ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মোহাম্মদ নোমান (২১) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বৈধ্যছড়া এলাকার মো. ইদ্রিসের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের হিমছড়ি এলাকায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পেকুয়া থানার রাত্রিকালীন ‘মোবাইল-০৮’ টিমের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ মাহমুদ মঈন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে মোটরসাইকেল আরোহী নোমানের কাছ থেকে ৭ হাজার ৬৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে মোটরসাইকেলটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, ইয়াবার চালানটি মিয়ানমার সীমান্তবর্তী কোনো এলাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রামে নেওয়া হচ্ছিল। তবে সীমান্তের ঠিক কোন স্থান থেকে চালানটি সংগ্রহ করা হয়েছিল, চট্টগ্রামের কোথায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পেকুয়া থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামি মোহাম্মদ নোমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম