যোগফল প্রতিবেদক:
বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় হাজিরা দিতে ঢাকার আদালতে সশরীরে উপস্থিত হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পরীমনির পক্ষে শুনানিতে অংশ নিচ্ছেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, এ মামলায় পরীমনি ন্যায়বিচার পাবেন বলে তারা আশাবাদী।
আদালতে মামলার কার্যক্রমকে কেন্দ্র করে পরীমনির ভক্ত-অনুরাগীদের পাশাপাশি বিনোদন অঙ্গনেও বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
আলোচিত এ মামলার সূত্রপাত ২০২১ সালের ৪ আগস্ট। ওই দিন রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরদিন ৫ আগস্ট র্যাব বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
তানজিলা আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম