যোগফল প্রতিবেদক:
চারবার বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতা নিয়ে খোলামেলাভাবেই কথা বলেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। তবে পঞ্চমবার বিয়ের পিঁড়িতে বসার প্রসঙ্গ উঠতেই কিছুটা অনিশ্চয়তার কথা জানিয়েছেন এই সংগীতশিল্পী ও অভিনেত্রী।
সম্প্রতি নিউইয়র্কে নিজের কনসার্ট ফিল্ম ‘দ্য জেএলও শো: লাইভ ইন লাস ভেগাস’-এর বিশেষ প্রদর্শনী ও আড্ডায় অংশ নিয়ে ব্যক্তিগত জীবন এবং সম্পর্ক নিয়ে কথা বলেন ৫৭ বছর বয়সী এই তারকা।
অনুষ্ঠানে জেনিফারের চারবার বিবাহবিচ্ছেদের বিষয়টি উঠে আসে। এ সময় এক দর্শক মজা করে বলেন, বিয়ের জন্য তার হাতে এখনো ছয়টি আঙুল বাকি রয়েছে। দর্শকের এমন মন্তব্যে হেসে জেনিফার বলেন, ‘হ্যাঁ, তা ঠিক! একদম ঠিক!’ এমনকি কথাটি টি-শার্টে ছাপানো উচিত বলেও রসিকতা করেন তিনি।
তবে পঞ্চম বিয়ের বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি জেনিফার। হাসিমুখে তিনি বলেন, ‘আর মনে হয় না যে এটা আমার দ্বারা সম্ভব হবে, ঈশ্বর জানেন!’
বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর থেকে জেনিফারের ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যম ও ভক্তদের মধ্যে নানা আলোচনা চলছে। সম্প্রতি ‘অফিস রোমান্স’ সিনেমার সহশিল্পী ব্রেট গোল্ডস্টিনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ালেও বিষয়টি উড়িয়ে দিয়েছেন এই তারকা।
তানজিলা আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম