যোগফল প্রতিবেদক:
দেশের বরেণ্য লোকসংগীতশিল্পী ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক ইন্দ্রমোহন রাজবংশীর সহধর্মিণী দীপ্তি রাজবংশী আর নেই। সোমবার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ হয় তাঁর জীবনের পথচলা।
দীপ্তি রাজবংশী আজীবন বাংলার লোকসংগীতের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। সত্তরের দশক থেকে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে পল্লীগীতির বিশেষ গ্রেডের শিল্পী হিসেবে সংগীতজগতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছিলেন তিনি। সংগীত পরিবেশনার পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডেও ছিল তাঁর সক্রিয় ভূমিকা। তিনি বাংলাদেশ লোকসংগীত পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
সংগীতের আবহেই বেড়ে ওঠা দীপ্তি রাজবংশীর পরিবারের সদস্যরাও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর পাঁচ বোন ও তিন ভাইয়ের প্রত্যেকেই কোনো না কোনোভাবে সংগীতচর্চার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রয়াত স্বামী কিংবদন্তি সংগীতশিল্পী ইন্দ্রমোহন রাজবংশীর মতো তিনিও লোকসংগীতের জগতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন।
তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় এই শিল্পীর প্রয়াণে বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম