যোগফল প্রতিবেদক:
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির অভিযোগ নিয়ে অবশেষে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন চিত্রনায়িকা পরীমনি। সাংবাদিক পরিচয় ব্যবহার করে কেউ অন্যায় করতে পারেন না বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে নিজের বক্তব্য তুলে ধরলেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে যান পরীমনি। সেখানে গিয়ে জানতে পারেন, মামলাটি ঢাকার সিএমএম আদালতে স্থানান্তর করা হয়েছে।
পরে সিএমএম আদালতে হাজির হন তিনি। শুনানি শেষে বিচারক অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন।
শুনানি শেষে আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্প্রতি আলোচিত বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা নিয়ে নিজের ব্যাখ্যা দেন পরীমনি।
এ সময় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘সাংবাদিকের কার্ড ঝুলিয়ে অন্যায় করাটা কি আপনারা প্রশ্রয় দেন? আমাকে যখন ব্যাডটাচ বা গুডটাচ যেটাই হোক, করা হলো, আমার তো ব্যথা লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এটা কেন করেছো? তখন কার্ড শো করলো এভাবে যে—আমি কিন্তু সাংবাদিক! তার মানে কী দাঁড়াল?’
নিজের অবস্থান ব্যাখ্যা করে পরীমনি আরও বলেন, ‘তখন তো আমি হিট মোমেন্টে ছিলাম; তাহলে তো বলবোই, আমার সঙ্গে সাংবাদিকগিরি করো? বিষয়টি এমন নয় যে, সাংবাদিক পরিচয় দিয়ে অন্যায় করবেন।’
উল্লেখ্য, গত ৫ নভেম্বর এক ব্যবসায়ীকে মারধরের মামলায় হাজিরা দিতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্বিতণ্ডা ও হাতাহাতির অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, ওই সাংবাদিককে টেনে নিয়ে মারধর করেন অভিনেত্রী। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এদিকে ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় র্যাবের অভিযানের পর তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। সেই মামলার আইনি লড়াইয়ের পাশাপাশি সাংবাদিকের সঙ্গে সাম্প্রতিক বিরোধের ঘটনাও এখন বিনোদন অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম