যোগফল প্রতিবেদক:
রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জনের মধ্যেই অভিনেতা ধানুশকে অভিনয় না ছাড়ার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী সাই পল্লবী। রাজনীতিতে যুক্ত হলেও ধানুশ যেন সিনেমায় অভিনয় চালিয়ে যান, এমন প্রত্যাশা তার। সম্প্রতি ‘ওএম: চ্যাপ্টার ওয়ান’ সিনেমার মুক্তির আগে এক অনুষ্ঠানে এ কথা বলেন সাই পল্লবী।
অনুষ্ঠানে যাওয়ার পথে রাজনৈতিক দলের পতাকা দেখে তার মনে হচ্ছিল, তিনি কোনো রাজনৈতিক সমাবেশে যাচ্ছেন। এ প্রসঙ্গে দক্ষিণী অভিনেতা বিজয়ের উদাহরণ টেনে ধানুশের প্রতি নিজের অনুরোধের কথা জানান তিনি।
সাই পল্লবী বলেন, ‘আপনি যাই করুন, আপনার জন্য আমার শুভকামনা থাকবে। তবে একজন অভিনেত্রী হিসেবে আমি সব সময় ভাবি, বিজয় স্যার রাজনীতিতে গিয়ে অভিনয় ছেড়ে দিয়েছেন। তাই আমি সব সময় আশা করি, ধানুশ যেন অভিনয় চালিয়ে যান।’
ধানুশের অভিনয়ের প্রভাব তুলে ধরতে তার ২০০৭ সালের সিনেমা ‘পোল্লাধাভান’-এর উদাহরণও দেন সাই পল্লবী। তার মতে, ধানুশের বাস্তবধর্মী অভিনয় ও গল্প দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করে।
অভিনেত্রী বলেন, ‘তাঁর অভিনয়ের প্রভাব অনেক দূর পর্যন্ত পৌঁছায়। পোল্লাধাভান সিনেমার পর অনেকেই সেই বাইক কিনেছিলেন। এমনকি সিনেমার চরিত্রের স্টাইল ও আচরণও অনুসরণ করেছিলেন। এ ধরনের প্রভাব তৈরি করতে সত্যিকারের অভিনেতা হতে হয়। তাই আপনি যে পথই বেছে নিন, দয়া করে অভিনয় চালিয়ে যান। আপনাকে অভিনয়ে না পেলে আমরা একজন অসাধারণ অভিনেতাকে মিস করব। এটাই তাঁর কাছে আমার অনুরোধ।’
ধানুশের রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয় গত জুনে। এ বিষয়ে তার বাবা চলচ্চিত্র নির্মাতা কস্তুরি রাজাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ধানুশ রাজনৈতিক দল গঠন করলে করবেন, না করলে করবেন না। তার নাতিরাও চাইলে রাজনীতিতে আসতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
এরপর জুলাইয়ে ভক্তদের আয়োজনে একটি রক্তদান কর্মসূচিতে বক্তব্য দেন ধানুশ। সেখানে সিনেমার বাইরেও জীবনের বড় কোনো লক্ষ্য খুঁজে নেওয়ার আহ্বান জানান তিনি। তার এই বক্তব্যের পর রাজনীতিতে আসার গুঞ্জন আরও জোরালো হয়। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো পরিকল্পনার কথা জানাননি অভিনেতা।
রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ও চিত্রনাট্য লেখা স্পাই অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘ওএম: চ্যাপ্টার ওয়ান’। এতে ধানুশ ও সাই পল্লবীর পাশাপাশি অভিনয় করেছেন মাম্মুট্টি, নাসিরুদ্দিন শাহ, শ্রীলীলা ও ইন্দ্রান্স। ধানুশের ক্যারিয়ারের ৫৫তম সিনেমা এটি। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম