যোগফল প্রতিবেদক:
দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের প্রায় ৪৮ শতাংশ পদ শূন্য রয়েছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসকের মোট ১৩ হাজার ৩৬টি পদের মধ্যে বর্তমানে ৬ হাজার ২৮৮টি পদই শূন্য। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তারের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের দেওয়া তথ্যে এ চিত্র উঠে আসে। মন্ত্রীর অনুপস্থিতিতে তাঁর পক্ষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত সংসদে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের ১৩ হাজার ৩৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৬ হাজার ৭৪৮ জন। অর্থাৎ প্রায় ৪৮ শতাংশ পদ এখনো শূন্য রয়েছে।
সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে জানানো হয়, দেশের সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও বিশেষায়িত হাসপাতালগুলোতে চিকিৎসকের মোট পদ ৪২ হাজার ৫৪৯টি। এর মধ্যে ১১ হাজার ৩৩৬টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া স্বাস্থ্যকর্মীসহ তৃতীয় শ্রেণির ৫৭ হাজার ৩০৬টি পদের মধ্যে শূন্য রয়েছে ২১ হাজার ৬৫৬টি।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের প্রশ্নের জবাবে সরকারিভাবে শিশুদের টিকাদান কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, দেশে হামের টিকাদানের লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের বিপরীতে টিকা পেয়েছেন ২ কোটি ১৭ লাখ ৯১ হাজার ২৫৯ জন। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুলের প্রশ্নের জবাবে জানানো হয়, হৃদরোগ ও হার্ট অ্যাটাকে মৃত্যুর হার ২৫ থেকে ৩০ বছর বয়সী তরুণ-যুবকদের মধ্যে উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে সারা দেশে নবায়ন ও নতুন মিলিয়ে মোট ৮ হাজার ২৭৩টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৫০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জরিমানা ও সিলগালার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৫০০ প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
এদিকে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) জানান, চলতি অর্থবছরে দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জায় কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানী দেওয়া হবে। নীতিমালা অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা এ সম্মানী পাবেন। তবে মসজিদের খতিবদের আপাতত এ সম্মানির আওতায় আনার পরিকল্পনা সরকারের নেই।
পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগারের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী আরও জানান, ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। হজ ব্যবস্থাপনার দুই-তৃতীয়াংশ ব্যয় সৌদি আরব সরকার নির্ধারণ করে থাকে। তবে ভিসা ফি ও ভ্যাটসহ হজযাত্রীদের সার্বিক খরচ কমানোর বিষয়ে সৌদি সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম