কুড়িগ্রাম।। জেলা সংবাদদাতা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পাওয়াকে নিজের সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেছেন দলটির মনোনীত প্রার্থী ও ভূরুঙ্গামারী উপজেলার জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহবায়ক মো: মাহফুজুল ইসলাম কিরন। তিনি বলেছেন, এটি কেবল একটি সাধারণ রাজনৈতিক মনোনয়ন নয়; বরং সীমান্তবর্তী জনপদ ভূরুঙ্গামারীর মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা এবং জনসেবার স্বপ্ন বাস্তবায়নের এক নতুন পবিত্র অঙ্গীকার। দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে তিনি ভূরুঙ্গামারী উপজেলাকে একটি উন্নত, আধুনিক, মানবিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
সংবাদমাধ্যমে পাঠানো এক বিশেষ বিবৃতিতে মো: মাহফুজুল ইসলাম কিরন ভূরুঙ্গামারীর সার্বিক উন্নয়ন এবং স্থানীয় সমস্যা সমাধানে তাঁর সুনির্দিষ্ট পরিকল্পনা ও রূপরেখা তুলে ধরেছেন।
বিবৃতিতে তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ভূরুঙ্গামারী একটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে মাদক চোরাকারবার ও অপরাধমূলক কার্যক্রমের প্রবণতা রয়েছে। এই সামাজিক ব্যাধি দমনে তাঁর প্রশাসন ও রাজনৈতিক অবস্থান হবে অত্যন্ত কঠোর। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং ইতিবাচক সামাজিক কার্যক্রমে ব্যাপকভাবে সম্পৃক্ত করা হবে। স্কুল ও মাদ্রাসাগুলোতে পড়ালেখার মানোন্নয়নের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে বিশেষ নজর দেওয়া হবে বলেও জানান তিনি।
এ ছাড়াও ভূরুঙ্গামারীর ভৌগোলিক ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, সীমান্ত ও নদীভাঙন কবলিত এলাকাসমূহের সুরক্ষা এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়নে ভেঙে পড়া রাস্তাঘাট সংস্কার ও আধুনিকায়ন করা তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে নাগরিক সেবার মান এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
উপজেলা পরিষদ সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে মাহফুজুল ইসলাম কিরন বলেন, নির্বাচিত হলে উপজেলা পরিষদ হবে দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের আস্থা, নির্ভরতা এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার নিরাপদ ঠিকানা।
ভূরুঙ্গামারীর সম্মানিত জনগণ ও ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ভালোবাসা, সুপরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা সবসময় আমার পথ চলার প্রধান অনুপ্রেরণা। যোগ্যতা, সততা, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং জনসেবার মানসিকতাকে সর্বোচ্চ মূল্যায়ন করে আপনারা আপনাদের সচেতন সিদ্ধান্ত ও রায় জানাবেন এটাই আমার বিনীত প্রত্যাশা।
তিনি আরও যোগ করেন, আমি বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নই, আমি চাই সামগ্রিক ঐক্য ও সম্প্রীতি। প্রতিশ্রুতির রঙিন ফুলঝুরি দিয়ে মানুষের মন জয় করা নয়, বরং বাস্তবভিত্তিক কাজের মাধ্যমেই আমি ভূরুঙ্গামারীবাসীর আস্থা অর্জন করতে চাই।
পরিশেষে দল-মত নির্বিশেষে ভূরুঙ্গামারীর সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে এক সম্ভাবনাময়, আধুনিক ও মানবিক ভূরুঙ্গামারী গড়ে তোলার লক্ষে সম্মিলিতভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।##
তুলি আক্তার/ অনলাইন / ডেস্ক যোগফল. কম