অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে ঢাকার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হলে রাজপথেই তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপরাজনীতির প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ মিছিলটি ধামরাই যাত্রাবাড়ী প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ধামরাই বাজার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে নাজমুল হাসান অভি বলেন, তারা শান্তিপূর্ণভাবে নিজ নিজ অবস্থানে থাকলে বিএনপির কোনো আপত্তি নেই। তবে অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে ঢাকা জেলার পরিস্থিতি অস্থিতিশীল বা প্রভাবিত করার চেষ্টা করা হলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঘরে বসে থাকবেন না। রাজপথেই এর জবাব দেওয়া হবে।
৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ যে পরিবর্তন এনেছে, তা কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া হবে না। তারেক রহমানের নেতৃত্বে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার প্রত্যাশা নিয়ে মানুষ তাকিয়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার সমালোচনা করে নাজমুল হাসান বলেন, যিনি নিজের দলের নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে পরিবার-পরিজন নিয়ে দেশ ছেড়েছেন, তার জন্য আর নিজেদের জীবন নষ্ট করা উচিত নয়। আবেগের বশবর্তী না হয়ে নিজেদের ভবিষ্যৎ ও পরিবারের কথা চিন্তা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা রাজপথে ছিলেন এবং কীভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়, তা তাদের জানা আছে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও যেন একসময় তাদের মতো পরিবার-পরিজন ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হতে না হয়, সেটি তারা চান না।
বক্তব্যের শেষে সবাইকে নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাসের আহ্বান জানান স্বেচ্ছাসেবক দলের এই নেতা। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং বাংলাদেশ বিশ্বদরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান মোহন, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ ও সদস্যসচিব সুজন মাহমুদ, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্যসচিব রাশেদুল ইসলাম রাজু এবং পারভেজ পাঠানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম