যোগফল প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ারও চেষ্টা করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন জানান, মঙ্গলবার গভীর রাতে চৌদ্দমাথা এলাকায় অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, সপ্তাহখানেক আগেও এলাকায় মশাল মিছিল বের করেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। পরে ঘর থেকে বের হয়ে তাঁরা বিএনপি কার্যালয়ের সামনে আগুন জ্বলতে দেখেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ককটেলের দুটি খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম