গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখায় ভাঙচুর ও কাগজপত্রে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকটি দোকানেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বাসস্ট্যান্ড ও ঘোনাপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী হঠাৎ এসে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালান। এ সময় কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করা হয় এবং বিএনপির একটি তোরণ পুড়িয়ে দেওয়া হয়।
পরে ঘোনাপাড়া বাজারে গ্রামীণ ব্যাংকের শাখা, রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং একটি দোকানে ভাঙচুর চালানো হয়। এ সময় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কাগজপত্রেও আগুন দেওয়া হয়।
এ বিষয়ে জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম