কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর (শনিবার) রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, নির্বাহী পরিষদের পক্ষ থেকে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। আগামী ২১ নভেম্বর রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে। এ ছাড়া ডিসেম্বর মাসজুড়ে দলের কর্মসূচির বিস্তারিত আগামীকাল ঘোষণা করা হবে।
গোলাম পরওয়ার আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী জনতা ও সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি, যার যার অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করুন। ফ্যাসিবাদের পুনর্বাসনের বিরুদ্ধে মাঠে আসুন এবং কর্মসূচি পালন করুন।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ফ্যাসিবাদ একটি ভাইরাস। বর্তমানে সরকারের দিকে তাকালে ফ্যাসিবাদী হওয়ার জন্য প্রয়োজনীয় সব আলামত ও চরিত্র দেখা যাচ্ছে। তবে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থাকবে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্রগঠনের এত বড় প্রতিশ্রুতি রাষ্ট্র বা সরকার ভঙ্গ করলে তার কোনো ক্ষতিপূরণ হয় না।
তিনি বলেন, বুধবার জাতীয় সংসদের অধিবেশনের শেষ দিন। সমাপনী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। জুলাই সনদ নিয়ে সৃষ্ট সংঘাত রাজপথে ঠেলে না দিয়ে সংসদে সমাধানের বিষয়ে প্রধানমন্ত্রী একটি ইতিবাচক বার্তা দেবেন বলে দেশবাসী প্রত্যাশা করছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম