টাঙ্গাইলের বাসাইলে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের কলাপসিবল গেট ও ভবনের দরজা পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে বাসাইল এম মিল এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের বাসাইল শাখার ব্যবস্থাপক বাবুল মিয়া জানান, রাত ৩টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বিষয়টি নাইট গার্ড তাকে জানান। পরে তিনি ও অন্যরা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, দুর্বৃত্তরা ব্যাংক কার্যালয়ের বারান্দায় আগুন দিয়েছিল। এতে বারান্দার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম