যোগফল প্রতিবেদক:
বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির সংসারে আসছে নতুন অতিথি। প্রথম সন্তান মেয়ে সারাহার পর দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। সম্প্রতি ঘরোয়া আয়োজনে তার সাধভক্ষণ বা ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কিছুদিন আগেই মেয়ে সারাহাকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বার বাবা-মা হতে যাওয়ার সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। সম্প্রতি করণ জোহরের শোয়ে অংশ নিয়েও অনাগত সন্তানকে ‘ঈশ্বরের আশীর্বাদ’ বলে উল্লেখ করেন এই তারকা দম্পতি।
বর্তমানে অভিনয় থেকে বিরতি নিয়ে মাতৃত্বকালীন সময় উপভোগ করছেন কিয়ারা। মেয়ে সারাহার সঙ্গে সময় কাটানোর পাশাপাশি স্ত্রীর যত্ন নিচ্ছেন সিদ্ধার্থ মালহোত্রা। সূত্রের খবর, ২০২৭ সালের শুরুতে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে পারেন কিয়ারা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বেবি শাওয়ার অনুষ্ঠানের একটি বিশেষ কেকের ছবি শেয়ার করেন কিয়ারা। কেকটি তৈরি করা সংশ্লিষ্ট ব্যক্তিদেরও ধন্যবাদ জানান তিনি। তবে কেকের নকশা ঘিরেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে অনাগত সন্তানের লিঙ্গ নিয়ে নানা জল্পনা।
কেকটিতে নীল ও বেগুনি রঙের ফুলের আধিক্য থাকলেও এর মাঝে একটি গোলাপি ফুলও দেখা গেছে। আর এতেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা আলোচনা। একদল মনে করছেন, নীল ফুলের আধিক্য পুত্রসন্তানের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে গোলাপি ফুল দেখে কেউ কেউ ধারণা করছেন, এবারও কন্যাসন্তান আসতে পারে।
তবে এসবই ভক্তদের অনুমান। সিদ্ধার্থ ও কিয়ারা এখনো অনাগত সন্তানের লিঙ্গ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি। অনেক ভক্তই বলছেন, সন্তান ছেলে হোক কিংবা মেয়ে, মা ও সন্তান সুস্থ থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ভারতে গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ আইনত নিষিদ্ধ। তবে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জেন্ডার রিভিল পার্টির প্রচলন রয়েছে।
কিয়ারাকে সর্বশেষ দক্ষিণী তারকা যশের বিপরীতে ‘টক্সিক’ সিনেমায় দেখা গেছে। এর আগে ‘ওয়ার ২’ সিনেমায় অভিনয় করেন তিনি। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রাকে সম্প্রতি ‘দ্য ওয়ান’ সিনেমায় দেখা গেছে। ইতোমধ্যে সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘দ্য ওয়ান ২’-এর ঘোষণাও এসেছে।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম