জন্ম থেকেই চোখের জটিল সমস্যায় ভুগছে তিন বছর বয়সী শিশু আবু বক্কর। শিশুটির চিকিৎসায় সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি আবেদন নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ড. জুবাইদা রহমানের। বিষয়টি জানার পর শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শিশুটির চিকিৎসার উদ্যোগ নেন। প্রথমে বগুড়ায় চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আবু বক্করকে রাজধানী ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে শিশুটির চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
অস্ত্রোপচারের পর বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজখবর নেয়।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে এবং ডা. এমআর হাসানের সমন্বয়ে প্রতিনিধিদলটি সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে শিশুটির শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলে।
এ সময় প্রতিনিধিদলের সদস্যরা আবু বক্করের পরিবারের সঙ্গেও কথা বলেন। পাশাপাশি শিশুটির চিকিৎসার সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদীর, ডা. এএসএম মাহবুব মুন্না, ডা. মো. মাহফুজুল আলম, ডা. জাকিয়া সুলতানা, ডা. আবু মোস্তফা কামাল, ডা. মো. মাসুদ রানা, ডা. মো. হাবিবুর রহমান, ডা. ইসমাইল হোসেন, ডা. শামীমা ইয়াসমিন, ডা. আদনান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটনসহ অন্যরা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম