যোগফল প্রতিবেদক:
কুমিল্লার দাউদকান্দিতে হাতকড়া পরানো অবস্থায় আটক এক শ্রমিক লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত হেলাল শিকারী দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) কমলের নেতৃত্বে পুলিশের একটি দল দৌলতপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মামুন শিকারীকে আটক করে। পরে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ছাত্রদল কর্মী হেলাল শিকারী।
একপর্যায়ে মামুন শিকারীকে নিয়ে পুলিশের কাছ থেকে প্রায় ১০ গজ দূরে চলে যান হেলাল। পরে পুলিশ ধাওয়া করে পুনরায় মামুন শিকারীকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে হেলাল শিকারী বলেন, ‘আটকের পর নিয়ে যাওয়ার সময় ধস্তাধস্তি হয়েছিল। ভুল বোঝাবুঝি থেকে এমন হয়েছে। আমি ছাত্রদলের কর্মী, এখনো কোনো পদ পাইনি।’
দাউদকান্দি থানার এসআই কমল এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, আটকের পর ছাত্রদল কর্মী হেলাল শিকারী মামুন শিকারীকে প্রায় ১০ কদম দূরে নিয়ে গিয়েছিলেন। পরে পুলিশ তাকে আবার আটক করে থানায় নিয়ে আসে। শ্রমিক লীগ নেতা মামুন শিকারী বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির বলেন, এমন একটি অভিযোগ তিনি শুনেছেন। বিষয়টি জেনে বিস্তারিত পরে জানাবেন।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম