চট্টগ্রামের মিরসরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতিসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান মাহফুজ (৫৮), চট্টগ্রাম উত্তর জেলা মুজিবিয়ান বাংলাদেশের সদস্য মো. শাহাদাত হোসেন মিলন (২৮), জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর ভূঁইয়া (৬০) এবং ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাকিবুল ইসলাম (২৩)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের হালিশহর থানার আই ব্লক এলাকায় অভিযান চালিয়ে সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান মাহফুজকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মিরসরাই উপজেলার কাটাছরা এলাকা থেকে মো. শাহাদাত হোসেন মিলন, জোরারগঞ্জ এলাকা থেকে মো. আলমগীর ভূঁইয়া এবং ইছাখালী এলাকা থেকে রাকিবুল ইসলামকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়।
ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতিসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম