সিলেটে বাসে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে সিলেট সদর উপজেলার নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে তাদের আদালতে হাজির করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল মাসুদ (২৫), সিলেট মহানগর ছাত্রলীগের উপসম্পাদক (উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক) আব্দুল কাদির বাপ্পি (২২), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. সৈয়দ শাকীব (২৫) ও মো. জাহেদ (২৩)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে সিলেট-কোম্পানীগঞ্জ রুটে চলাচলকারী সাদা পাথর এক্সপ্রেসের দুটি বাসের পেছনের টায়ারে আগুন দেওয়া হয়। নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও তাদের সহযোগীরা এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের ব্যবহৃত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন গ্রুপে যুক্ত ছিলেন। এসব গ্রুপের মাধ্যমে সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও অপরাধ সংঘটনে তারা যুক্ত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খাদিমনগর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে দুটি সাদা পাথর এক্সপ্রেসের বাসে অগ্নিসংযোগের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে তারা বাস দুটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে বাস দুটির দুটি টায়ারে আগুন ধরে যায়।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
এ ঘটনার নেপথ্যে কারা রয়েছে এবং কারা নির্দেশদাতা ও পরিকল্পনাকারী, তা শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে এবং নির্দেশদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করা সম্ভব হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম