সিলেট নগরীর একটি হোটেলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও জেলা যুবলীগের এক নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরীর আম্বরখানা এলাকার হোটেল পলাশে এ অভিযান চালানো হয়। আটক অন্য দুজন হলেন হোটেলটির ম্যানেজার শাহীন মিয়া (৪৩) এবং কর্মী শামসুল আমিন।
আটক দেলোয়ার হোসেন গোয়াইনঘাট উপজেলার জাঙ্গাইল তোয়াক্কুল গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং বর্তমানে সিলেট জেলা যুবলীগের নেতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আম্বরখানার হোটেল পলাশের একটি কক্ষে দেলোয়ার হোসেন অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়ে। পরে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিএনপি, ছাত্রদল ও যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হোটেলটির সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ সেখানে যায়। পরে পুলিশ হোটেলের একটি কক্ষে তল্লাশি চালিয়ে দেলোয়ার হোসেনকে আটক করে। এ সময় হোটেলজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা এয়ারপোর্ট-আম্বরখানা সড়কে বিক্ষোভ করেন এবং দেলোয়ারের পালসার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও এলাকাবাসী যৌথভাবে হোটেলটিতে অভিযান চালায়। এ সময় হোটেল ম্যানেজার সেখানে ছাত্রলীগ নেতা নেই বলে জানান। পরে তল্লাশি চালিয়ে দেলোয়ারকে আটক করে এয়ারপোর্ট থানায় নেওয়া হয়।
তিনি বলেন, ছাত্রলীগ নেতার অবস্থান সম্পর্কে পুলিশকে ভুল তথ্য দিয়ে অসহযোগিতা করার অভিযোগে হোটেল ম্যানেজার এবং তল্লাশিতে বাধা দেওয়ায় আরেক কর্মীকে থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটক দেলোয়ারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সাম্প্রতিক একটি ঘটনাতেও তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এসব বিষয় পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাঁকে বুধবার (১৮ নভেম্বর) আদালতে সোপর্দ করা হবে।
মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলেও জানান তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম