মোঃমাহাবুবুর রহমান, ।। জেলা সংবাদদাতা
ঔষধ ব্যবসায়ী তথা ফার্মাসিস্টদের স্বার্থে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সারা বাংলাদেশে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এরই অংশ হিসেবে বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত গাজীপুর মহানগরের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গ্রেট ওয়াল সিটিতে অবস্থিত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির গাজীপুর জেলা কার্যালয়ের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিল বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, গাজীপুর জেলা শাখা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মেসার্স চান্দনা মেডিকেল হলের স্বত্বাধিকারী জনাব মোঃ শামসুল হক, সাধারণ সম্পাদক জনাব মোঃ আল-আমিন, বাসন থানা সভাপতি ও মহানগরের সদস্য, কাশিমপুর থানার জনাব মোঃ মোস্তফা কামাল ও ফারুকুল ইসলাম।
এছাড়া কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ, গাজীপুর সদর উপজেলাসহ গাজীপুর মহানগরের আটটি থানার বিভিন্ন সদস্যবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স দীর্ঘদিন ধরে সমিতির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। হঠাৎ করে সমিতিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঔষধ ব্যবসায়ী ও সাধারণ কেমিস্টদের স্বার্থের পরিপন্থী।
মানববন্ধন থেকে দাবি জানানো হয়:
১. ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
২. আগের মতো সমিতির মাধ্যমে কোর্স পরিচালনার ব্যবস্থা বহাল রাখতে হবে।
৩. সাধারণ কেমিস্টদের স্বার্থ রক্ষায় কাউন্সিলকে সমিতির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল, কম