যোগফল প্রতিবেদক:
গাজীপুরে শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য আন্দোলন ঠেকাতে নতুন করে ১০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত প্রায় ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তবে বাকি কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষের আশঙ্কায় কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মানুষের চলাচল তুলনামূলক কম। এর প্রভাব পড়েছে আশপাশের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানেও। অনেক দোকান বন্ধ রয়েছে, কোথাও ক্রেতাদের উপস্থিতিও কম।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, ভোগড়া, সালনা ও বাংলাবাজার এলাকার ৮ থেকে ১০টি পোশাক কারখানায় বৃহস্পতিবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, ছুটি ঘোষণার পর শ্রমিকরা রাস্তায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ, বিজিবি ও যৌথ বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।
তিনি আরও বলেন, চলমান শ্রমিক অসন্তোষের কারণে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত প্রায় ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে বর্তমানে কোথাও অপ্রীতিকর পরিস্থিতি নেই। জেলার অন্যান্য কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম