সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে বুধবার (১৮ নভেম্বর) রাতে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
নিহত আশরাফ আলী গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী ব্যাপারীর ছেলে। তিনি স্থানীয় দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।
নিহতের মামা আছির উদ্দিন জানান, বুধবার রাত ১০টার দিকে দোকান থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন আশরাফ আলী। এ সময় একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি পেছন থেকে তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্বজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।
আছির উদ্দিন আরও জানান, তাঁর ভাগনে আশরাফ আলী আওয়ামী লীগের সমর্থক ছিলেন। একসময় তিনি দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন জানান, বুধবার রাতে গোপরেখী ধরপাড়া গ্রামে আশরাফ আলীকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম