জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু হাসনাত হিমেলকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়াইড় গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু হাসনাত হিমেল রোয়াইড় গ্রামের মাহাবুব আলম সরদারের ছেলে। তিনি ২০১৯ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে নিজ বাড়িতে অবস্থানকালে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নাশকতার মামলায় আবু হাসনাত হিমেলকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম