রাজধানীতে সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লকরেইড ও চিরুনি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং সহিংসতা ও নাশকতায় জড়িতদের গ্রেপ্তারে ব্লকরেইড ও চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
ডিএমপি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতা ও নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনতে রাজধানীজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম