যোগফল প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকায় বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল বোমা হামলা চালিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে একটি বাস পুরোপুরি পুড়ে গেছে। আগুন নেভানোর সময় অপর একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে আম চত্বর এলাকা। পরে বাস টার্মিনালে আগুন দেখতে পান স্থানীয়রা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভানোর চেষ্টা করেন তারা। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনতে পারেননি। এতে একটি বাস সম্পূর্ণ পুড়ে যায়।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, রাত আড়াইটার দিকে আম চত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে বাসটিতে আগুন ধরে যায়।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর সময় অপর একটি বাস কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে।
ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম