যোগফল প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাত শিক্ষার্থীসহ আটজনকে মাদক সেবনরত অবস্থায় শনাক্ত করেছে হল প্রশাসন। এ সময় একটি কক্ষ থেকে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও বিয়ারের বোতল উদ্ধার করা হয়েছে। পরে কক্ষটি সিলগালা করে দেওয়া হয়।
শুক্রবার সন্ধ্যায় হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে প্রথম অভিযান চালানো হয়। পরে একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে তল্লাশি চালাতে গেলে দুই আবাসিক শিক্ষককে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।
হল প্রশাসন ও প্রক্টরিয়াল সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ৬১২ নম্বর কক্ষে অভিযান চালান। এ সময় কক্ষটিতে সাত শিক্ষার্থী ও একজন অতিথিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে সেখান থেকে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও বিয়ারের বোতল উদ্ধার করা হয়।
মাদক সেবনের অভিযোগে শনাক্ত সাত শিক্ষার্থী হলেন—ফার্মেসি বিভাগের স্মিত রেমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শাফিউস জামান অয়ন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মিনহাজুল ইসলাম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের শাওন খান, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইজনূর সায়মুন, সমাজতত্ত্ব বিভাগের ফাহিম আহমেদ শাহিদ এবং মো. মাহাবুব রহমান। এ ছাড়া কামরুল ইসলাম নামে একজন বহিরাগতও সেখানে ছিলেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আবাসিক আসন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে হল প্রশাসন।
অন্যদিকে, একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে অভিযান চালানোর সময় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী ইবরাজ হাসান মাহমুদ সামিরের বিরুদ্ধে দুই আবাসিক শিক্ষককে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে।
মাদক উদ্ধারের বিষয়ে ৬১২ নম্বর কক্ষের শিক্ষার্থী ফাহিম আহমেদ বলেন, তাঁরা মাদক সেবন করেন না। তাঁদের কক্ষে আসা অতিথিই মূলত মাদক নিয়ে এসেছিলেন।
অন্যদিকে, শিক্ষককে ধাক্কা দেওয়ার অভিযোগ অস্বীকার করে ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, তিনি কোনো শিক্ষককে ধাক্কা দেননি; বরং এক বড় ভাইকে ধাক্কা দিয়েছিলেন। একই অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষার্থী ইবরাজ হাসান মাহমুদ সামিও।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ. ফারুক বলেন, অভিযান চালিয়ে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ আলামত উদ্ধার করা হয়েছে। কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আবাসিক আসন বাতিল করা হবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, গান-বাজনার কথা বলে তাঁরা সেখানে মাদক সেবন করছিলেন। অভিযান চালিয়ে আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। কক্ষের চারটি টেবিলে কোনো বই পাওয়া যায়নি, পাওয়া গেছে মাদকদ্রব্য। কাঁচা গাঁজা, ইলেকট্রনিক সিগারেটসহ বিভিন্ন আলামত ও বিয়ারের বোতল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, কক্ষটি সিলগালা করা হয়েছে। আবাসিক আসনের বিষয়ে হল প্রশাসন এবং একাডেমিক শাস্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। অন্য একটি কক্ষে অভিযানের সময় এক শিক্ষার্থী হাউস টিউটরকে শিক্ষার্থী ভেবে কক্ষে প্রবেশে বাধা দিতে ধাক্কা দিয়েছিলেন। পরে তাঁরা এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম