যোগফল প্রতিবেদক:
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স ১৪৭ দিন পর খুলে রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় মসজিদের ১০টি লোহার দানবাক্স ও অতিরিক্ত পাঁচটি টিনের ট্রাঙ্ক খোলা হয়।
সাধারণত তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও এবার প্রায় পাঁচ মাস পর খোলা হয়েছে। এ কারণে অতিরিক্ত পাঁচটি টিনের ট্রাঙ্ক রাখা হয়েছিল। দানবাক্স খোলার পর সংগৃহীত টাকা মসজিদের দোতলায় নিয়ে গণনার কাজ শুরু হয়।
টাকা গণনায় মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী আল জামিয়াতুল এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৬০০ জন অংশ নিয়েছেন।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, এবার রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। গণনা শেষে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে নতুন রেকর্ড সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আগের দফায় পাওয়া গিয়েছিল প্রায় ১৬ কোটি টাকা
এর আগে চলতি বছরের ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খুলে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গিয়েছিল।
মসজিদের দান থেকে পাওয়া অর্থ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। এ অর্থের লভ্যাংশ থেকে গরিব, অসহায়, অনাথ ও অসুস্থ মানুষের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা দেওয়া হয়।
নির্মাণ হচ্ছে ৫০০ কোটি টাকার ইসলামিক কমপ্লেক্স
পাগলা মসজিদকে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক তুরস্কের নকশায় ১০ তলাবিশিষ্ট বহুমুখী এই কমপ্লেক্স নির্মাণের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। এতে একসঙ্গে ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। প্রকল্পটির নাম হবে ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’।
জানা গেছে, দানবাক্স থেকে পাওয়া অর্থ মসজিদের ১৩টি ব্যাংক হিসাবে এফডিআর হিসেবে জমা রাখা হয়েছে। গত ২৭ জুনের দফাসহ এ পর্যন্ত এসব হিসাবে মোট ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা রয়েছে। এ ছাড়া মসজিদের ওয়েবসাইট চালুর পর থেকে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা অনুদান এসেছে।
স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে
গত ১২ অক্টোবর দীর্ঘ ছয় বছর পর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দানসিন্দুকে পাওয়া স্বর্ণালঙ্কার, রৌপ্যালঙ্কার ও বৈদেশিক মুদ্রা গণনা করা হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ট্রেজারিতে সংরক্ষিত নয়টি মাঝারি আকারের প্লাস্টিকের কনটেইনার ও ছয়টি সিলগালা করা খাম খুলে এসব সম্পদের পরিমাণ নির্ধারণ করা হয়।
এতে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালঙ্কার, ১ হাজার ৮৮ ভরি রৌপ্যালঙ্কার এবং ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। এসব মুদ্রার মধ্যে রয়েছে মার্কিন ডলার, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, ওমানি রিয়াল, কাতারি রিয়াল, বাহরাইনি দিনার, সিঙ্গাপুর ডলার, ব্রিটিশ পাউন্ড, ইউরো, অস্ট্রেলিয়ান ডলার, কানাডিয়ান ডলার, মালদ্বীপের রুফিয়া, জর্ডানিয়ান দিনার, ভারতীয় রুপি ও চীনা ইউয়ান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ জানান, দানসিন্দুকে পাওয়া স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণ করে নিলামে বিক্রি করা হবে। আর বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে।
এর আগে ২০২০ সালের ১১ মার্চ ৪২০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৮৮ ভরি রুপার অলঙ্কার নিলামে বিক্রি করে ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ১১০ টাকা পাওয়া যায়। পাশাপাশি বৈদেশিক মুদ্রা বিক্রি করে পাওয়া যায় ৭০ লাখ টাকা।
পাগলা মসজিদে দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি স্বর্ণ ও রুপার অলঙ্কারও দান করেন ভক্ত ও দর্শনার্থীরা। নির্দিষ্ট সময় পরপর দানবাক্স খুলে এসব অর্থ ও সম্পদ মসজিদের তহবিলে জমা রাখা হয়।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম