যোগফল প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের চেয়ার, টেবিল, ফ্যানসহ আসবাবপত্র পুড়ে গেছে।
স্থানীয়দের ভাষ্য, রাত আনুমানিক আড়াইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর তারা কিছু সময় সেখানে অবস্থান করে চলে যায়। পরে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, দিনের বেলায় কিছু করার সাহস না পেয়ে রাতের অন্ধকারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। তারা ঐক্যবদ্ধভাবে এ ঘটনার প্রতিবাদ করবেন।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক এক চেয়ারম্যানের উসকানিতে ছাত্রলীগের নেতাকর্মীরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন বলে তারা মনে করছেন। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
হাসিলবাগ গ্রামের যুবদল নেতা ও ইউপি সদস্য পদপ্রার্থী তুহিন খান বলেন, রাতে কে বা কারা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। এতে চেয়ার, টেবিল, ফ্যানসহ অফিসের সবকিছু পুড়ে গেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) এসআই দীপঙ্কর মন্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম