সৌদি আরবের রাজধানী রিয়াদের আরামকো টাওয়ারে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রিয়াদের বাদশা আব্দুল্লাহ বাণিজ্যিক এলাকার একটি টাওয়ার লক্ষ্য করে হুতি মিলিশিয়াদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ।
গত ৭ নভেম্বর রিয়াদের বাণিজ্যিক এলাকার ওই টাওয়ারকে লক্ষ্যবস্তু করার কথা জানায় হুতি গোষ্ঠীর মুখপত্র সাবা নিউজ এজেন্সি। তবে তাদের বিবৃতিতে ‘আরামকো টাওয়ারের’ নাম উল্লেখ করা হয়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ওই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেয় সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে হামলায় সামান্য ক্ষয়ক্ষতির কথা জানিয়েছিল দেশটির জ্বালানি মন্ত্রণালয়। একই সঙ্গে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানানো হয়েছিল।
তবে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৮ নভেম্বর বিবিসি ভেরিফাই জানায়, হামলায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর ওই ভবনটি বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। ভবনটির একটি তলায় ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ছাড়া টাওয়ারটির কয়েকটি তলার জানালা ভেঙে যাওয়ার চিত্রও উঠে আসে বিবিসির প্রতিবেদনে।
বাংলাদেশ সরকারের বিবৃতিতে বলা হয়, বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোতে এ ধরনের হামলা অগ্রহণযোগ্য। এসব হামলা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ হুমকি। একই সঙ্গে উত্তেজনা কমানোর উদ্যোগকেও বাধাগ্রস্ত করে।
বিবৃতিতে সৌদি আরবের সরকার ও ভ্রাতৃত্বপূর্ণ জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে এ ধরনের শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম