যোগফল প্রতিবেদক:
চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আম্বার কমপ্লেক্স নামের একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন তারা।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হাটাবো এলাকায় কারখানার সামনে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর গ্যাস সংকটের অজুহাতে কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়। পরে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এ সময় শ্রমিকদের তিন থেকে চার মাসের বেতন বকেয়া থেকে যায়। কর্তৃপক্ষ একের পর এক তারিখ দিয়েও বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হয়ে তারা কারখানার সামনে অবস্থান নেন।
বিক্ষোভ চলাকালে কারখানার এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী গাড়ি নিয়ে প্রবেশের সময় শ্রমিকরা তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে।
শ্রমিকরা জানান, চাকরি হারিয়ে তারা এমনিতেই আর্থিক সংকটে রয়েছেন। এর মধ্যে কয়েক মাসের বেতন বকেয়া থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাদের দাবি, দ্রুত বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।
একপর্যায়ে শ্রমিকরা সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তিনি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করার আশ্বাস দেন।
এ বিষয়ে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী বলেন, অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো আসেননি। তারা এলে যোগাযোগ করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম