মাটির নিচে নয়, এবার বাড়ির পানির ট্যাংকের ভেতর থেকে উদ্ধার হয়েছে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি-১৮৩৯’ লেখা প্লেটসদৃশ একটি বস্তু। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সদর ইউনিয়নের সবুজ নগর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এটি উদ্ধার করেছে পুলিশ। বস্তুটি ম্যাগনেটিক পিলার কি না, তা নিয়ে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে আলমগীর হোসেনের সাহেব বাড়িতে অভিযান চালিয়ে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের সন্দেহের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত কয়েক দফায় তল্লাশি চালায় প্রশাসন। একপর্যায়ে বাড়ির পানির ট্যাংকের ভেতর থেকে প্লেটসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। এ সময় আশিক নামের এক ব্যক্তিকে আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
উদ্ধার করা বস্তুটিতে ইংরেজিতে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি-১৮৩৯’ লেখা রয়েছে। এটি প্রকৃতপক্ষে ম্যাগনেটিক পিলার কি না, তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ বলেন, আতিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি উদ্ধার হওয়া বস্তুটি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন। এ ঘটনায় তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা করা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম