২০২৪ সালের ২০ জুলাই উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ঠিকাদার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ওমর ফারুক রুমীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই মামলায় তিনি ১২২ নম্বর আসামি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
জবির দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের দরপত্র নিয়ন্ত্রণ, প্রাক্কলিত ব্যয়ের তথ্য ফাঁস করে কাজ বাগিয়ে নেওয়া এবং প্রকল্পের বিপুল অঙ্কের অর্থ উত্তোলনসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প নিয়ে সংগৃহীত বিভিন্ন নথি ও অভিযোগ পর্যালোচনায় দেখা গেছে, প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় রুমীর প্রভাব বিস্তারের অভিযোগ দীর্ঘদিনের। নথি অনুযায়ী, প্রকল্পের সাতটি দরপত্রের মধ্যে ছয়টিতেই ঠিকাদার হিসেবে কাজ পেয়েছেন তিনি। এ ছাড়া প্রকল্পের প্রায় ৯০ শতাংশ দরপত্র তার নিয়ন্ত্রণে ছিল বলেও অভিযোগ রয়েছে। দরপত্র আহ্বানের আগেই প্রাক্কলিত ব্যয় বা এস্টিমেটের তথ্য ফাঁস করে কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফের মাধ্যমে দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ঠিকাদারি কার্যক্রমে যুক্ত হন রুমী। পরবর্তী সময়ে ছাত্রলীগ নেতা ইব্রাহিম-আকতার, শাহীন চেয়ারম্যান এবং তৎকালীন প্রতিমন্ত্রী বিপুর রাজনৈতিক প্রভাব ব্যবহার করে দরপত্র নিয়ন্ত্রণ করতেন তিনি।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েকজন ছাত্রনেতার মাধ্যমে নতুন করে বলয় তৈরি করেন রুমী। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান উপাচার্য, ট্রেজারার, প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক এবং ছাত্রনেতাদের ঘিরে একটি দরপত্র সিন্ডিকেট সক্রিয় রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
প্রকল্পের অর্থ উত্তোলন নিয়েও রুমীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। দ্বিতীয় ক্যাম্পাসের মাটি ভরাটের কাজে প্রায় ৬৪ কোটি টাকার বিল উত্তোলনের পরিকল্পনা করা হয়েছিল। এর অংশ হিসেবে ২৬ এপ্রিল চারটি প্যাকেজের বিপরীতে ৮ কোটি ৭৯ লাখ টাকার বিল অনুমোদনের জন্য প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো হয় বলে জানা গেছে।
প্যাকেজভিত্তিক বিলের পরিমাণ ছিল প্যাকেজ-১-এ ১ কোটি ৪৪ লাখ ৪১ হাজার ২৭৬ টাকা, প্যাকেজ-২-এ ১ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার টাকা, প্যাকেজ-৪-এ ৪ কোটি ৩৮ লাখ ১৩ হাজার ৯৬৫ টাকা এবং প্যাকেজ-৫-এ ৫০ লাখ ৬১ হাজার ১৬৬ টাকা। এ ছাড়া প্রকৌশল ভবন নির্মাণের জন্য ১১ কোটি টাকা এবং পুকুরের ঘাট নির্মাণ ও মাটি ভরাটের অন্যান্য কাজের বিপরীতেও বিল উত্তোলনের প্রস্তুতির অভিযোগ রয়েছে।
এর আগে ২০২৪ সালের মে মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগে আলোচনায় আসেন রুমী। সে সময় পাঁচতলা প্রকৌশল ভবন নির্মাণের পাইলের অবশিষ্ট অংশ পুকুরের ঘাট নির্মাণে ব্যবহারের অভিযোগ ওঠে। এ ছাড়া রড ও সিমেন্টের কাজে একই উপকরণ ব্যবহার দেখিয়ে একাধিকবার বিল নেওয়া এবং নির্মাণকাজের মান নিয়েও প্রশ্ন ওঠে।
৩ কোটি ২৮ লাখ ৩৪ হাজার ৫১৪ টাকা ব্যয়ে পুকুরের ঘাট নির্মাণের কাজ পাওয়া আরএন এন্টারপ্রাইজের ঠিকাদার হিসেবে ওমর ফারুক রুমীর নাম পাওয়া যায়।
তবে অভিযোগ অস্বীকার করে সে সময় রুমী জানিয়েছিলেন, ‘পাইলিংয়ের কাজে অনিয়মের সুযোগ নেই।’ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ট্রেজারারও বিষয়টি তদন্তের কথা জানিয়েছিলেন। পরবর্তী সময়ে তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন ওঠে। সাবেক উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের সময়ে দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের অনিয়ম তদন্তে কমিটি গঠন করা হলেও পরে এর দৃশ্যমান অগ্রগতি হয়নি। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়েও রাজনৈতিক যোগাযোগ ও প্রভাব খাটিয়ে অভিযোগগুলো ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এদিকে সাম্প্রতিক সময়ে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে সংঘটিত আন্দোলনে রুমীর অর্থায়ন ও ইন্ধন থাকার অভিযোগ উঠেছে। পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত একটি উপকমিটির সদস্য হিসেবেও তার নাম রয়েছে বলে জানা গেছে। এ-সংক্রান্ত একটি তালিকাও পাওয়া গেছে।
এ ছাড়া ২০২৬ সালের ১৫ জানুয়ারি প্রকাশিত শেখ হাসিনা সংগ্রাম পরিষদের চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির উপদেষ্টামণ্ডলীর তালিকায় তার নাম থাকার তথ্য পাওয়া গেছে। শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদেও প্রার্থী হয়েছিলেন রুমী।
উত্তরা পশ্চিম থানার এজাহারের কপি পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের ২০ জুলাই সকাল আনুমানিক ৬টা ৫৯ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় মামলাটি করা হয়। দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় দায়ের করা এ মামলায় আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ১৭৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এজাহারের ১২২ নম্বর ক্রমিকে ওমর ফারুক রুমীর নাম রয়েছে। সেখানে তার বয়স ৩৭ বছর, পিতার নাম মো. নুরুল ইসলাম এবং স্থায়ী ঠিকানা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী বাজার এলাকার কসবা গ্রাম উল্লেখ করা হয়েছে। ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকায় তার বর্তমান ঠিকানা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘আগে থেকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করে আসা ঠিকাদাররা পূর্বের কাজের ধারাবাহিকতায় বিল জমা দিয়েছেন এবং প্রাপ্য বিল বুঝে পেয়েছেন। এর বাইরে অন্য কোনো ঘটনা ঘটেনি।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম