ভারতের রাজস্থানের জয়পুরে বাড়িতে রান্না করা নুডলস খেয়ে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় বোনও অসুস্থ হয়ে পড়েছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াকে শিশুটির মৃত্যুর সম্ভাব্য কারণ বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শনিবার (২১ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার (১৯ নভেম্বর) এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম পিহু কুমাওয়াত। তার বড় বোনের নাম দিব্যাংশী।
কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় দুই বোন বাড়িতে একা ছিল। তারা নিজেরাই নুডলস রান্না করে খাওয়ার পর ঘুমিয়ে পড়ে।
বিকেল ৩টার দিকে তাদের মা বাড়িতে ফিরে আসেন। এ সময় বড় বোন দিব্যাংশীর ঘুম ভাঙলে তিনি অসুস্থ বোধ করেন। তবে ছোট বোন পিহুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে পরিবারের সদস্যরা দ্রুত দুই বোনকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পিহুকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, চিকিৎসা শেষে শুক্রবার সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র পায় দিব্যাংশী।
প্রাথমিক তদন্তে খাদ্যে বিষক্রিয়ার বিষয়টি সামনে এসেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় নিহত শিশুর পরিবার পুলিশের কাছে অভিযোগ দিয়েছে। পরে কারধানি থানার পুলিশ নুডলসের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম