যোগফল প্রতিবেদক:
গাজীপুরের শিল্পাঞ্চলে দুটি পোশাক কারখানাকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর বর্তমানে শিল্পাঞ্চল ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে গাজীপুরের দুই হাজারের বেশি নিবন্ধিত পোশাক কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৫৫টি কারখানা। সকাল ১০টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।
তবে বেলা সোয়া ১১টার দিকে সালনা এলাকায় রিদিশা পোশাক কারখানার প্রায় ৪০০ থেকে ৪৫০ জন শ্রমিক বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) প্রশিক্ষণ কেন্দ্র এলাকা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিকে অগ্রসর হন। খবর পেয়ে আনসার ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে তাঁদের বুঝিয়ে মহাসড়কে ওঠা থেকে বিরত রাখা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুরের উপপরিচালক মো. আশিকুজ্জামান জানান, পরিস্থিতি মোকাবিলায় মহানগর আনসার ব্যাটালিয়ন-৩-এর সদস্যরাও ঘটনাস্থলে যান। আনসার ও পুলিশের উপস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।
অন্যদিকে, গাজীপুর মহানগরীর চৌধুরীবাড়ি এলাকায় শ্রমিকদের আগে থেকে না জানিয়ে ‘আর রউফ স্টাইল কোর লিমিটেড’ নামের একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় অসন্তোষ দেখা দেয়। ইউনিয়ন পাম্পসংলগ্ন কারখানাটির শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেন। এতে ওই সড়কেও যান চলাচল স্বাভাবিক হয়।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, নিরাপত্তার দায়িত্বে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ১০ প্লাটুন বিশেষায়িত নিরাপত্তা বাহিনী (এসআরবি) এবং ১৩ প্লাটুন আনসার সদস্য জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন।
উল্লেখ্য, মজুরি বাড়ানোর দাবিতে গত প্রায় এক মাস ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। মাওনা, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ী, আনসার রোড ও ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের বিক্ষোভে যান চলাচল বিঘ্নিত হয়। টানা অস্থিরতার পর শনিবার সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেওয়ায় শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরে আসার আশা তৈরি হয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম